Thursday, January 15, 2026
spot_img
More

    সর্বশেষ

    ফারজানা ববি’র একগুচ্ছ কবিতা

    যদি দেখা হয়

    আমাদের যদি দেখা হয়
    ঠিক সেই সময়
    শেষ বিকেলের আলোটুকু
    নিভে যেতে যেতে
    সমুদ্রের ঘোলা জলে
    মিলিয়ে যাবে
    বাঁশপাতার রংয়ের বিষণ্ন সন্ধ্যা।
    চোখের পাপড়ির ঝিরি ঝিরি
    অস্ফুট কম্পনে
    কেটে যাবে অমাবস্যা কিংবা
    জ্যোৎস্নাপ্লাবিত ক্লান্ত রাত্রি।
    নির্বাক নিস্তব্ধতা
    শুধু আমাদের।

     

    একটা মিষ্টি বেলিফুল

    আমি তোমাকে স্নিগ্ধ মায়ায় জড়াতে পারব না
    আমি শুধু কোন এক স্নিগ্ধ সকালে
    তোমার সাথে হাঁটতে পারব কিছুক্ষণ।
    বৃষ্টি ভেজা শুভ্র কামিনী
    তোমার খোঁপায় গুঁজে দিতে পারব না,
    তোমার দু হাতে রাখতে পারব না আমার দুহাত।

    আশ্বিনের বিকেলে হাঁটতে হাঁটতে,
    গোধূলির নিশ্চিহ্ন হয়ে যাওয়া
    পাকা পুঁই ফলের‌‌ রংয়ের বিষণ্ন সন্ধ্যায়,
    পৃথিবীর বিবর্তনের গল্পগুলো শোনাতে পারি; তোমাকে শুধু
    কিংবা দেখাতে পারি মধ্যরাতের কালপুরুষদের।

    কিংবা দুজন মিলে কখনো কখনো
    মেহেদী ফুলের সুবাস নিতে পারি আকুল হয়ে।
    ঠিক বহুদূরের শৈশবের সেই পুরনো গন্ধের মতো।
    শুধু নিঃশব্দের ভেতর শব্দ হয়েছ
    তোমার পাশে থাকব, কিংবা
    বৈশাখের প্রথম ঝড়ের মতো
    হঠাৎ আসব তোমার অজান্তে

    কিন্তু তোমাকে আটকাব না বাহুবন্ধনীতে
    জড়াব না কোনো স্নিগ্ধ মায়ায়…
    শুধু তোমার ব‌ইয়ের ভাঁজে
    রেখে দেব একটা মিষ্টি বেলী ফুল।

     

    ক্ষুধার্ত দুপুরে

    গন্ধটা ভীষণ গাঢ়
    যেন অমাবস্যার রাত
    শুধুই তলিয়ে যেতে ইচ্ছে করে।
    ভালোবাসার গন্ধ, প্রেমের গন্ধ, সব গন্ধ মুছে যায়
    কিন্তু ওই গন্ধটা ঝাঁঝালো
    ভীষণ প্রিয়,
    সুস্বাদু ঝোলের মতো ফিরে ফিরে নাকে লাগে
    সময় অসময়ে ক্ষুধার্ত দুপুরে।
    গন্ধটা খুঁজে ফিরি
    সেই গন্ধটা
    যা একবার‌ই পাওয়া যায়
    চুপিচুপি।

     

    তুমি একটা পাখি হবে

    আমার খুব ইচ্ছে করে গাছ হতে
    মাথাভর্তি সবুজ পাতাওয়ালা একটা বটগাছ।
    আচ্ছা তুমি কি হবে?
    তুমি কি পরগাছা লতা হবে!
    আমার শরীর বেয়ে
    বেড়ে উঠবে
    হবে না, নিশ্চয়ই?
    আমি জানি তুমি একটা পাখি হবে
    কখনো সখনো বসবে
    হয়তো আমার ডালে
    তারপর ঘুরে বেড়াবে
    এগাছ এগাছ ওগাছে
    দিগন্ত হতে দিগন্তে…

     

    হলুদ ক্যাকটাস‌

    আলু নুন তেল পেঁয়াজের মতো নয়,
    খুন্তি কড়াই হাতে ঠনঠন ঝনঝন
    প্রাচীন কোনো মল্লযুদ্ধ‌ না
    ভীষণ যত্ন করে বেড়ে
    ওঠা হলুদ ক্যাকটাস‌ও নয়
    লাল গোলাপ থেকে ছড়িয়ে পড়া
    পাপড়িগুলো
    ব‌ইয়ের ভাঁজে ভাঁজে রাখা
    সঙ্গোপন ভালোবাসাও নয়
    শুধু একটা অবিরাম নীল আকাশ
    আর চারিধারে অবারিত শুন্যতা
    একটা ডানাহীন চিল
    টলটলে পানির গভীর সমুদ্র।

    3 COMMENTS

    1. শুধু তোমার বইয়ের ভাঁজে
      রেখে দেব একটা মিষ্টি বেলী ফুল।
      অথবা,
      একটা ডানাহীন চিল
      টলটলে পানির গভীর সমুদ্র।

      নারী বা পুরুষ।
      কোন পাঠককে ব্যখ্যা করা লাগে না।

      অতুলনীয় কামশাস্ত্রীয় মার্জিত উপমা।

    2. প্রথম কবিতাটি এক নিঃশব্দ, বিষণ্ন সন্ধ্যার আবহে দেখা হওয়ার সম্ভাবনাকে রূপ দেয়, যেখানে আলো নিভে যাওয়ার মুহূর্তে মিলিয়ে যায় স্মৃতি ও অনুভূতি।বাঁশপাতার রং, সমুদ্রের ঘোলা জল, চোখের কম্পন—সব মিলিয়ে এক ধূসর, আবেগঘন দৃশ্যপট তৈরি করে, যা অমাবস্যা ও জ্যোৎস্নার দ্বন্দ্বে কেটে যায়

    3. প্রিয় ম্যাডাম, আপনার সবগুলি কবিতা পড়লাম, মুগ্ধও হলাম। আপনার গল্প-প্রতিভা আমার জানা, কবিতা-প্রতিভা জানা ছিল না।

      কবে বই হয়ে বের হবে? আমরা টাকা খরচ করে কিনে নেবো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Posts

    spot_imgspot_img

    সর্বাধিক পঠিত

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.