সংগ্রাম
যতবার তুমি ব্যর্থ হবে
উঠে দাঁড়াতে দাঁড়াতে পড়ে যাবে,
মেনে নেবে না।
যতবার তুমি অপমানিত হবে
প্রত্যাখ্যাত হয়ে ফিরতে ফিরতে
অন্ধকারে বিরহে ঘুরে দাঁড়াবে,
মেনে নেবে না।
ততবার তুমি একটু একটু লম্বা হয়ে উঠবে
কারণ তোমার শিরদাঁড়া সোজা হচ্ছে
বানর থেকে গরিলা
গরিলা থেকে শিম্পাঞ্জি
শিম্পাঞ্জি থেকে মানুষ…
তুমি মানুষ হচ্ছো’।
আকরিক
ভাগ্য এক খনিজ আকরিক
তাকে ফেলে যাই
মায়া নয়, যেন অলৌকিক আগুন
তাকেও ফেলে যাই।
অথবা ধরা যাক,
১০০ বছর পর তোমাদের গোরস্থানে
আমাকে দেখতে এসে
পাথর ঘঁষে ঘঁষে আলো,
দু হাতে ভরে তুলে নিয়েছিলাম,
ফেলে যাই।
ভাগ্য
মায়া
পাথর
ফেলে যাই,
আপাতত
আমাকে খোঁজাখুঁজি করার দিন শেষ,
জীবন এমনিতেই এক তালপাতার সেপাই
তাকে ধরো
আমি সব ফেলে দিয়ে যাই।
একদিন
একদিন বৃষ্টিতে ভিজব
সারা রাস্তায় একা
কাকতাড়ুয়ার মত
হেঁটে হেঁটে চলে যাব।
একবার ভোলাগঞ্জ পার হতে গিয়ে যেমন
গাছেদের জিকির উঠে গিয়েছিল
ঝাঁকুনিতে কেঁপে কেঁপে উঠেছিল
সমস্ত গ্রাম ঝাপসা, তারপর
সাদা শিফনে আটকে পড়েছিলাম অনেক্ষণ
সেসব মনে রেখে
দুরত্ব বাড়িয়ে দেব
গন্তব্য মনে রাখব না।
আমি চাই ঘোর বর্ষা
ইংরেজিতে যাকে বলে ক্যাটস এন্ড ডগ
বুধবার দেখে
অফিস থেকে একদিনের ছুটি নেব
যেন একটা জোব্বা পরা হরিণ
অবিরাম বৃষ্টির ভিতর হাঁটব।
মেরিনেটেড ঠোঁট
প্রেমিকা ছেড়ে গেছে
ছেড়ে দিয়ে বিরাট দুনিয়ায়
কি একা-কি দারুণ একা
স্বাধীনতার মত ঝরে পড়ছে রহমত
কি একা
আহা কি দারুণ একা।
হূডতোলা রিক্সা
বৃষ্টিতে বাটন খুলে নেমে যাওয়া কিশোরী
বটের ঝুড়ি
মেরিনেটেড ঠোঁট
আচমকা একদিন
কাউকে কিছু না বলে
বুনোফুল
নেমে এসেছিল গলার কাছে,
-তার মুখ মনে নেই।
শুধু একটা চিঠির আশায় খুলে যাচ্ছে
পৃথিবীর সব জানালা
যেন স্মৃতি বলে আর কিছু
অবশিষ্ট না থাকে।
জীবনের আয়ু
প্রাচীন গন্ধ লেগে আছে
স্মৃতির পাথরে,
চিকচিকে রোদের সিম্ফনি
গুগল করে
শ্যাওলা জেনে নিয়েছে
জীবনের আয়ু,
এখন কে পারে আটকাতে
দুপা পেরুলেই
কচুপাতার পানি
টলমল করছে আমাদের মন,
কোথায় জুম করছ,
নেভিগেশনে রেখেছ কার চোখ!
মনের মধ্যে অন্য মন
পায়ের ভিতর অন্য পা
ফুলের উপর ফুল এমন
সবখানে মাতাল, মচ্ছব যা তা।
হয়ত আরও এ রকম
গোল গোল পৃথিবী আছে
আছে হয়ত অন্য কোন দেশ
অন্য কোন মানুষ নিয়েছে
আমার নাম, নিয়ে গেছে সাধুসঙ্গ
পাখি প্রেমিকা৷ পতঙ্গ
হাত সাফাই
ছোট ছোট দুর্বলতার ভিতর
কবি জন্মে
কবিতা জন্মে
এমনকি তাদের মৃত্যুও হতে পারে-
এই সব ছোট ছোট দুর্বলতার ভিতরে।
কোনকিছুকে হুট করে তুচ্ছ বলো না
রহস্য তো আছেই
চোখে ধুলো দেয়া
যাদুকরি হাত সাফাই
স্নানবিদ্যা
নগ্ন বুকের নিচে
মাছেদের মন
গুহ্যবিদ্যার সকল পাসওয়ার্ড।
কম করে হলেও আঠারো বছর
বাউল খেটে আসো
আমার পিঠে যেমন আঠারো বছরের
চাবুকের দাগ
তারপর ভক্তি নিয়ে বসো
অতখানি পোক্ত না হলে
লালাভ লোহার মত পাইন তোলা না হলে
মুদ্রাদোষের সব অভ্যেস তোমাকে বলবো কেন।




